সিলেট কিডনী ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শনে লর্ড কুরবান হুসাইনসহ দুই ব্রিটিশ এমপি
প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২৬, ৯:২৩:৪৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: সিলেট কিডনী ফাউন্ডেশন হাসপাতালের আধুনিক পরিবেশ, উন্নত অবকাঠামো ও চিকিৎসাসেবা দেখে সন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সদস্য লর্ড কুরবান হুসাইন এবং ব্রিটিশ পার্লামেন্টের দুই সদস্য আফসানা বেগম ও শওকত আদম। হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শনকালে তারা ডায়ালাইসিস সেবার মানের প্রশংসা করেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাঁদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন।
শুক্রবার বিকেল ৪টায় অতিথিরা সিলেট কিডনী ফাউন্ডেশন হাসপাতালে পৌঁছালে তাঁদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে হাসপাতালের এনআরবি কো-অর্ডিনেটর ও ট্রাস্টি জিয়া ইসলাম তাঁদের বিভিন্ন বিভাগ ঘুরিয়ে দেখান। এ সময় অতিথিরা হাসপাতালের চিকিৎসা কার্যক্রম, সেবার মান এবং রোগীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা সম্পর্কে অবগত হন।
পরিদর্শন শেষে আয়োজিত আলোচনা সভায় পপলার অ্যান্ড লাইমহাউসের সংসদ সদস্য আফসানা বেগম বলেন, সিলেট কিডনী ফাউন্ডেশন হাসপাতাল শুধু একটি ডায়ালাইসিস কেন্দ্র নয়; এটি কিডনি রোগীদের জন্য মানবিক চিকিৎসাসেবা, সহমর্মিতা ও আশার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আধুনিক পরিবেশে রোগীদের সেবা প্রদান এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর যে উদ্যোগ এখানে দেখা গেছে, তা সত্যিই প্রশংসনীয়। এ ধরনের প্রতিষ্ঠান মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অতিথিরা হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের চিকিৎসাসেবা সম্পর্কে খোঁজ নেন। হাসপাতালের পরিচ্ছন্নতা, অবকাঠামো, সামগ্রিক পরিবেশ ও সেবাব্যবস্থা দেখে তাঁরা সন্তোষ প্রকাশ করেন।
এ সময় অতিথিরা হাসপাতালটির আধুনিক বিন্যাস ও ব্যবস্থাপনার প্রশংসা করে বলেন, এর পরিবেশ ও সুযোগ-সুবিধায় ব্রিটিশ মানের হাসপাতালের আদল পাওয়া যায়। এমন একটি সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলা এবং পরিচালনার জন্য তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
আলোচনা সভায় হাসপাতালের সেবামূলক কার্যক্রম, চিকিৎসার মানোন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। অতিথিরা হাসপাতালের কার্যক্রম সম্পর্কে জানতে চান এবং রোগীদের কল্যাণে নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।
সভায় উপস্থিত ছিলেন কিডনী ফাউন্ডেশনের ট্রাস্টি সদস্য ডা. মোস্তফা শাহজামাল চৌধুরী বাহার, ট্রাস্টি ডা. নাজরা চৌধুরী, পরিচালক ও কোষাধ্যক্ষ জুবায়ের আহমেদ চৌধুরী, নির্বাহী পরিচালক ডা. কাজী মুশফিক আহমেদ, অতিরিক্ত পরিচালক (কল্যাণ ও সেবা) ফরিদা নাসরীন, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মো. মা’আয় রেজা চৌধুরী, দিলীপ কুমার পাল, এনআরবি কো-অর্ডিনেটর ও ট্রাস্টি জিয়া ইসলাম এবং প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপক মো. মহিবুর রহমান রাসেলসহ হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ পরিদর্শনের মাধ্যমে সিলেট কিডনী ফাউন্ডেশন হাসপাতালের চিকিৎসাসেবার মান ও মানবিক উদ্যোগ সম্পর্কে আরও পরিচিতি বাড়বে। পাশাপাশি যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি ও আন্তর্জাতিক অতিথিদের সঙ্গে প্রতিষ্ঠানের যোগাযোগ আরও সুদৃঢ় হবে।





