সিলেটে আরও ১৬ ডেঙ্গুরোগী শনাক্ত
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২৬, ৯:০২:৫৬ অপরাহ্ন
আক্রান্ত বেড়ে ৫৪৬

স্টাফ রিপোর্টার : সিলেটে ডেঙ্গুর সংক্রমণ বাড়ছেই। একদিনে নতুন করে আরও ১৬ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এতে চলতি বছরে বিভাগে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪৬ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫১ জন।
রোববার (১১ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শনাক্ত ১৬ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১, হবিগঞ্জ সদর হাসপাতালে ১, লাখাই, মাধবপুর ও বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন করে, সুনামগঞ্জ সদর হাসপাতালে ১ এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ৩ জন রয়েছেন।
বর্তমানে হাসপাতালে ভর্তি ৫১ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৯, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৩, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, লাখাইয়ে ৫, মাধবপুরে ৭, হবিগঞ্জ সদর হাসপাতালে ৯, সুনামগঞ্জ সদর হাসপাতালে ১ এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ৪ জন চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ অক্টোবর পর্যন্ত বিভাগে শনাক্ত ৫৪৬ জনের মধ্যে হবিগঞ্জে ২২৭, সুনামগঞ্জে ১২৪, সিলেটে ১১৩ এবং মৌলভীবাজারে ৬১ জন রয়েছেন। এ ছাড়া অন্যান্য জেলা থেকে এসে সিলেট বিভাগে চিকিৎসা নিতে গিয়ে আরও ২১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। চলতি বছর বিভাগে এ পর্যন্ত ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে।






