নারী শিক্ষার অগ্রগতিতে অনন্য দৃষ্টান্ত মইনউদ্দিন কলেজ : নবীনবরণে সিউক চেয়ারম্যান
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২৬, ৯:২১:১৫ অপরাহ্ন

সিলেটের ঐতিহ্যবাহী মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
রোববার কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান ও কলেজের গভর্নিং বডির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, নারী শিক্ষার প্রসারে মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ দীর্ঘদিন ধরে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। এটি শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং সিলেটে নারী শিক্ষার অগ্রগতিতে এক অনন্য দৃষ্টান্ত।
তিনি নবীন শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, নৈতিকতা ও সৃজনশীলতার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে কলেজের ভৌত অবকাঠামোগত উন্নয়নসহ সার্বিক অগ্রযাত্রায় ভবিষ্যতেও পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবিদুর রহমানের সভাপতিত্বে এবং বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান রহিমা বেগম।
শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মো. এনামুল হক চৌধুরী সোহেল এবং বাংলা বিভাগের প্রধান আজির উদ্দিন। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ফারজানা সিদ্দিকা ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মিশকাত উল আফরা সামিয়া।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গভর্নিং বডির সদস্য আব্দুল হাকিম, ডা. সোলায়মান আহমেদ, মখছুছুল করিম, আজিজুল ইসলাম, জিল্লুল হক ও সাব্বির আহমদ। এ ছাড়া উপস্থিত ছিলেন গার্হস্থ্য বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সালমা বেগম, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. আলমগীর, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক এবং বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মাইশা বেগম এবং গীতা পাঠ করেন ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সুস্মিতা আইচ রিমি। এরপর ঐশী, প্রমি, হৈমন্তী, স্নিগ্ধা ও প্রিয়ন্তী জাতীয় সংগীত পরিবেশন করেন। বিজ্ঞপ্তি





