পুলিশের পোশাকে পূজামণ্ডপে গান, এএসআই ক্লোজড
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০২৬, ৮:২৪:১২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে পুলিশের ইউনিফর্ম পরে পূজামণ্ডপের সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশনের ঘটনায় উজায়ের ফারুক নামে এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) ক্লোজড করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম স্বাক্ষরিত আদেশে তাঁর বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। উজায়ের ফারুক এসএমপির জালালাবাদ থানায় কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৯ অক্টোবর) রাতে নগরীর ৮ নম্বর ওয়ার্ডের আখালিয়া নতুনবাজার এলাকার ব্রাহ্মণশাসন সার্বজনীন পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন তিনি। এসময় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে পুলিশের ইউনিফর্ম পরেই গান পরিবেশন করেন ওই এএসআই।
তাঁর গান পরিবেশনের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। পরে তাঁকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
এর সত্যতা নিশ্চিত করে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুল হাবিব বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। এরপর ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তাঁর বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।






