অ্যাডভোকেট মোমিন ও নাচনকে ১৯ নম্বর ওয়ার্ডবাসীর সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৬, ৭:৪১:২৮ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্রঋণ ও কুটিরশিল্পবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেছেন, আইন অঙ্গন ও ক্রীড়াক্ষেত্রে যোগ্য, দক্ষ ও ত্যাগী ব্যক্তিদের গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত করা হলে সিলেটের গৌরব ও সম্মান আরও বৃদ্ধি পায়। ১৯ নম্বর ওয়ার্ডের কৃতী সন্তানরা আজ নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হয়ে পুরো সিলেটবাসীর মুখ উজ্জ্বল করেছেন।
রোববার রাতে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের কৃতী সন্তান সিলেট মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যসচিব রেজাউল করিম নাচন মনোনীত হওয়ায় তাঁদের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংবর্ধিত অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন ও রেজাউল করিম নাচন ওয়ার্ডবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তাঁদের ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
দর্জিবন্দ জামে মসজিদের সাধারণ সম্পাদক সৌমিক সমিক জাহানের সভাপতিত্বে এবং ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান সুমন ও সিলেট মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক এজাজ আহমদ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য দেন বসুন্ধরা সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা সিরাজুল ইসলাম মতি, প্রত্যয় সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা তারেক আহমদ, বসুন্ধরা সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা বদরুল ইসলাম, শাহেদুল ইসলাম দিলু, শাহেদ আহমদ ও হেলাল উদ্দীন।
অনুষ্ঠানে ১৯ নম্বর ওয়ার্ডের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পঞ্চায়েত ও বিভিন্ন ক্লাবের সদস্য এবং সর্বস্তরের নাগরিক উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি






