নগরীতে দুই পেশাদার ছিনতাইকারী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৬, ৮:৫৯:৫৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে পৃথক অভিযানে দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১ নভেম্বর) বিকেলে সুরমা পয়েন্ট ও বন্দরবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- হবিগঞ্জ জেলার বাহুবল থানার দক্ষিণ ভবানীপুর গ্রামের মৃত আইয়ুব আলীর পুত্র আশিকুর রহমান টিপু (৪১) ও সুনামগঞ্জ জেলার দিরাই থানার দৌলতপুর গ্রামের মোঃ আনিছ মিয়ার পুত্র মো. শরীফ আহমদ (৩৪)।
এসএমপির সূত্র জানিয়েছে, আটক আশিকুর রহমান টিপু দায়রা জজ আদালত এলাকায় চুরি ও ছিনতাইয়ে জড়িত। তার বিরুদ্ধে হত্যা, দ্রুত বিচার, চুরি ও মাদকসহ ছয়টি মামলা রয়েছে। অপরদিকে, মো. শরীফ আহমদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দুটি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা চলমান রয়েছে।
এসএমপির মিডিয়া সেল সূত্র জানিয়েছে, আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।






