খাদিমনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৬, ৯:২৯:৪০ অপরাহ্ন

জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকেলে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পীরেরগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিলেট জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবুল কাহের চৌধুরী শামীম বলেন, জনগণই সব ক্ষমতার উৎস। অতীতে সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবারের প্রকৃত তথ্য সংরক্ষণ করে তাদের মৌলিক অধিকার ও সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করার এ উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী।
তিনি আরও বলেন, বিএনপি সব সময় জনগণের পাশে থেকে কাজ করেছে এবং ভবিষ্যতেও করবে। মানুষের ভাগ্যোন্নয়ন, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং বৈষম্যহীন সমাজ গঠনে এ তথ্য সংগ্রহ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
আবুল কাহের শামীম বলেন, ‘সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের ক্ষমতায়নের লক্ষ্যে বর্তমান সরকারের এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। কোনো যোগ্য পরিবার যেন এ সুবিধা থেকে বাদ না পড়ে, সে বিষয়ে দায়িত্বপ্রাপ্ত সবাইকে সতর্ক ও আন্তরিক থাকতে হবে।
খাদিমনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পীরেরগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক কছির উদ্দিন, সিলেট মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম এবং খাদিমনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব।
এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি





