জেলা প্রশাসকের সঙ্গে দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় নেতৃবৃন্দের সাক্ষাৎ
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৬, ৭:৪৩:০২ অপরাহ্ন

দৃষ্টি প্রতিবন্ধকতাকে জয় করে জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন। তিনি বলেছেন, মৌমির এই অসাধারণ সাফল্য শুধু তার পরিবার কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নয়, বরং পুরো সমাজের জন্য গর্বের। তার অর্জন অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
জিডিএফের মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমির জিপিএ-৫ অর্জনের বিষয়টি তুলে ধরা হয়।
জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বলেন, দৃষ্টি প্রতিবন্ধকতাকে জয় করে তাহমিনা আক্তার মৌমির জিপিএ-৫ অর্জন অত্যন্ত আনন্দের বিষয়। প্রতিকূলতাকে জয় করে অধ্যবসায়, একাগ্রতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে যে সাফল্য অর্জন করা সম্ভব, মৌমি তার উজ্জ্বল দৃষ্টান্ত। শারীরিক প্রতিবন্ধকতা কখনো মেধা, মনোবল ও স্বপ্ন পূরণের পথে বাধা হতে পারে না।
এ সময় জিডিএফের মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান প্রতিষ্ঠানটিতে মৌমির মতো আরও অনেক শিক্ষার্থী গড়ে তোলার লক্ষ্যে সরকারের বরাদ্দ দেওয়া জায়গার স্থায়ী বন্দোবস্ত, ভবন নির্মাণসহ সার্বিক সহযোগিতা কামনা করেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন জিডিএফের হিসাবরক্ষক মো. শাহজাহান ও কম্পিউটার অপারেটর তাজকিরা জান্নাত সুইটি। পরে জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমিকে ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করেন। বিজ্ঞপ্তি






