জৈন্তায় ৬৮ বোতল মদসহ ৩ জন আটক
প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০২৬, ৭:০১:১৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট-জাফলং মহাসড়কের দরবস্ত বাজার থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৬৮ বোতল অবৈধ মদ উদ্ধার করেছে জৈন্তাপুর থানা পুলিশ। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশাসহ ৩ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে দরবস্ত বাজারের পিউরিয়া মিষ্টির দোকানের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, কানাইঘাটের চতুল বাজার থেকে সিলেটের দিকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশায় ভারতীয় মদ বহনের গোপন তথ্য পেয়ে দরবস্ত বাজার এলাকায় অবস্থান নেয় পুলিশের একটি দল। অটোরিকশাটি সেখানে পৌঁছালে থামিয়ে তল্লাশি করা হয়। একপর্যায়ে গাড়িটির পেছনের বনেটে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬৮ বোতল ভারতীয় মদ পাওয়া যায়।
অভিযানে আটক তিনজন হলেন শাহপরান থানার পীরের বাজারের উত্তর মুকামেরগুল এলাকার দুলাল মিয়ার পুত্র রবিউল মিয়া (২৬), আলাউদ্দিন আহমদের পুত্র সালমান আহমদ (২০) ও স্বপন আহমেদের পুত্র রাহাত আহমদ (২১)। আটক সবাইকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮৬ হাজার টাকা। মাদক পরিবহনে ব্যবহৃত নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।





