কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত
প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০২৬, ৮:২০:৪৪ অপরাহ্ন
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার বড়গাছ গ্রামে হামলায় নিহত জাহাঙ্গীর আলমের (২৯) পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কমলগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ। এ সময় তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলা জামায়াতের আমীর মো. মাসুক আলী ও আসন্ন কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী সৈয়দ আমিরুল ইসলাম কয়ছরের নেতৃত্বে জামায়াত এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা নিহতের বাড়িতে যান। তাঁরা পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন।
পরে জামায়াত নেতৃবৃন্দ কমলগঞ্জ থানায় গিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কমর উদ্দিন এবং কমলগঞ্জ-শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার ওয়াহিদুজ্জামান রাজুর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চান এবং বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তারের বিষয়ে পুলিশের কাছে জানতে চান।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এ ঘটনায় একজন আসামিকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে। বিজ্ঞপ্তি





