জিয়াপুর-বারীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০২৬, ৮:২২:০৫ অপরাহ্ন

নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের জিয়াপুর-বারীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ছালিক মিয়া। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আহমেদ সোহাগ, নূরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখরুল ইসলাম চৌধুরী এবং দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দ্বীপন চন্দ্র দাস।
এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি জিল্লুর রহমান জিলু, দাতা সদস্য লিটন মিয়া, ফরিদ মিয়া, রুবিনা বেগম, ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্য, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলিফা বেগম, সহকারী শিক্ষিকা নেভি বেগম, শেলিনা বেগম ও প্রতিমা রানী। এ সময় গ্রামের গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সরকারি অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মাধ্যমে প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন দ্বিতল ভবনটি নির্মাণ করা হয়েছে। নতুন ভবনে রয়েছে পাঁচটি শ্রেণিকক্ষ। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এ ভবন নির্মাণের ফলে বিদ্যালয়ে পাঠদানের জন্য আরও সুন্দর ও উপযোগী পরিবেশ সৃষ্টি হয়েছে।
আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জিয়াপুর মসজিদের ইমাম মোনাজাত পরিচালনা করেন। এ সময় বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রয়াত রাশেদা বেগমের রুহের মাগফিরাত কামনা করা হয়।





