মাধবকুণ্ডের সৌন্দর্য উপভোগে ১৩ বিদেশী পর্যটক
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৬, ৭:০১:০৫ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পর্যটনকেন্দ্র মাধবকুণ্ড জলপ্রপাত ও ইকোপার্কের চারপাশের ঘন সবুজ পাহাড়ের সৌন্দর্য উপভোগ করে অভিভুত ১৩ বিদেশি পর্যটক। এদের আটজন বেলজিয়ামের, চারজন নেদারল্যান্ডের ও একজন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। আগামিতে তারা আরো বড় টিম নিয়ে মাধবকুণ্ড ভ্রমনের প্রত্যাশা প্রকাশ করেছেন।
জানা গেছে, সোমবার সন্ধ্যায় এসব বিদেশি পর্যটক মাধবকুণ্ড জলপ্রপাত ও ইকোপার্ক এলাকায় পৌঁছান। মাধবকুণ্ড ইকোপার্ক এলাকার জেলা পরিষদ ডাকবাংলোয় রাত্রিযাপন করেন এবং রাতের মাধবকুণ্ডের প্রকৃতি ও পাহাড়ের বুক চিরে নেমে আসা ঝরনার কলধ্বনি, ভোরবেলা ও সকালে পাথর গড়িয়ে ঝরনার স্বচ্ছ পানি পড়ার দৃশ্য উপভোগ করেন। মঙ্গলবার সকালে দেশের অন্যতম পর্যটন স্পট মাধবকুণ্ডের বিভিন্ন দর্শনীয় স্থান, পাশের সবুজ গালিচা চা বাগান ও আদিবাসি খাসিয়া পল্লী পরিদর্শন করেন। দুপুরে বিদেশী পর্যটকরা সিলেটের উদ্দেশ্যে মাধবকুণ্ড ত্যাগ করেন।
বেলজিয়ামের নাগরিক আট পর্যটক হলেন, সার্টজে ব্রুইন্ডনক্স, গ্রিয়টজে মার্সেলা পিটেলজন, জান ক্লেমেন্স এম রবেরেখট, লুসিয়া অক্টাভি ওডি ব্যাকার, ব্রুনো মারিয়া পি ব্রনসেলার, উইলেম জান গিস, ক্যারোলিন ডি ওয়াচটার ও ক্যাটি লুইস ইউ নিউটেন্স। নেদারল্যান্ডের পর্যটকরা হলেন- মার্টিনা জোহানা উইসে, আদ্রিয়ানাস ভ্যান ডালেন, মারজা অ্যালেটা ফ্রেডেরিকা ভিনস্ট্রা ও ইনগ্রিড জ্যাকলিন লুইস ভ্যান ওয়েলজেনিস এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক টিমোথি পল কুকুলা।






