তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন ১২ ডিসেম্বর
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৬, ৮:০৩:২৮ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছর পর সুনামগঞ্জের তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করছেন সম্ভাব্য প্রার্থীরা।
মঙ্গলবার দুপুরে গ্রুপের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র বিক্রি কার্যক্রম শুরু করেন প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী। দ্বিতীয় দিনেও বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত ১৭ বছর ধরে তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন অনুষ্ঠিত হয়নি। দীর্ঘ বিরতির পর নির্বাচনী কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয় ব্যবসায়ী, সম্ভাব্য প্রার্থী ও ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। ইতোমধ্যে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন প্রার্থীরা।
নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। আগামী ১২ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রধান নির্বাচন কমিশনার জুনাব আলী বলেন, দ্বিতীয় দিনের মতো মনোনয়নপত্র বিক্রি চলছে। নির্বাচনী তফসিলে নির্ধারিত সময়সূচি অনুযায়ী এ কার্যক্রম অব্যাহত থাকবে। সবার সহযোগিতা ও অংশগ্রহণে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি প্রত্যাশা করেন।





