সিলাম ইউপি চেয়ারম্যান পদে সেফুলকে এলাকাবাসীর সমর্থন
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৬, ৯:০০:৫৩ অপরাহ্ন

দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন আজিজুর রহমান সেফুল। আগামী নির্বাচনে এলাকাবাসীর সমর্থন ও সহযোগিতা নিয়ে চেয়ারম্যান পদে লড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় আজিজুর রহমান সেফুলের সমর্থনে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
সভায় আজিজুর রহমান সেফুল বলেন, ‘আপনাদের সমর্থন ও ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। একজন ক্ষুদ্র মানুষ হিসেবে এলাকার মানুষের কাছ থেকে এমন জনসমর্থন পেয়ে আমি অভিভূত। আপনাদের সহযোগিতা ও সমর্থন নিয়েই আগামী সিলাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি বলেন, একটি মহল তাঁর নির্বাচন না করার বিষয়ে অপপ্রচার চালাচ্ছে। অথচ তিনি কখনো নির্বাচন করবেন না বলে কাউকে জানাননি। সিলামের বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে তিনি যথেষ্ট সমর্থন পেয়েছেন। জীবনে কারও সঙ্গে অন্যায় বা দুর্নীতি করেননি দাবি করে তিনি বলেন, সামর্থ্য অনুযায়ী সবসময় এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। আগামী নির্বাচনে সবার দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন তিনি।
মতবিনিময় সভায় এলাকাবাসীর পক্ষ থেকে বক্তারা বলেন, আজিজুর রহমান সেফুল একজন শিক্ষিত ও ভালো মানুষ। তাঁকে কখনো অন্যায় কাজে জড়িত হতে দেখেননি তাঁরা। আগামী নির্বাচনে তাঁকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান এবং তাঁর প্রতি সমর্থন ব্যক্ত করেন বক্তারা।
আব্দুর রহমান সায়মন ও মুজ্জাম্মিল আহমদের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরব্বি মোহাম্মদ রেনু মিয়া। এতে এলাকার সর্বজন শ্রদ্ধেয় মুরব্বি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি





