সিলেটে হামে আরও ৩ শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৬, ৯:০০:০৭ অপরাহ্ন
শনাক্ত ১৯০০ ছাড়ালো

স্টাফ রিপোর্টার : সিলেটে একদিনের ব্যবধানে হামে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে ২ দিনে ৬ শিশুর মৃত্যু হলো। গত ২৪ ঘন্টায় সিলেটে ৩ শিশুর মৃত্যুর পাশাপাশি নতুন শনাক্ত হয়েছেন ৩১ জন এবং উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছেন ১৭০ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫১৮ জন।
শুক্রবার (২৭ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণকারী ৯ মাস বয়সী শিশু আবিদুর রহমান সিলেটের জৈন্তাপুর, ৫ মাস বয়সী সাইম সুনামগঞ্জের তাহিরপুর ও ১ বছর বয়সী তানহা সুনামগঞ্জের দিরাই উপজেলার বাসিন্দা। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ নভেম্বর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ হাজার ৯২১ জনে দাঁড়িয়েছে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪৮৬, হবিগঞ্জে ২৯৫, মৌলভীবাজারে ১৭২ এবং সুনামগঞ্জে ৯৬৮ জনের হাম শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১৭০ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৫, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৪, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১১, , নর্থ ইস্ট মেডিকেলে ৫, জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৪, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৫, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৫ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন হাম রোগী ভর্তি হয়েছেন।
বর্তমানে চিকিৎসাধীন ৫১৮ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৯১, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৯০, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৪০, পার্কভিউ মেডিকেলে ২২, নর্থ ইস্ট মেডিকেলে ১৩, মাউন্ট এডোরা হাসপাতালে ৪, ওয়েসিস হসপিটালে ১, সিলেট জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৪ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭০, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১২ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫, সুনামগঞ্জ সদর হাসপাতালে ২৮ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের জেলাভিত্তিক হিসাব অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত সিলেটে হাম ও উপসর্গে ২৩৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সন্দেহজনক হাম রোগে সিলেটে ১০৩, হবিগঞ্জে ৩১, মৌলভীবাজারে ১৬ এবং সুনামগঞ্জে ৭৫ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নিশ্চিত হাম রোগে সিলেটে চার, হবিগঞ্জে চার, মৌলভীবাজারে একজন ও সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে সিলেটে ১০৭, হবিগঞ্জে ৩৫, মৌলভীবাজারে ১৭ এবং সুনামগঞ্জে ৭৬ জনের মৃত্যু হয়েছে।
আগের ২৪ ঘন্টায় সিলেটে হামে ৩ শিশুর মৃত্যু ও ৪০ জন নতুন শনাক্ত হন। উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন ১৬৩ জন।





