তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩, শ্রীমঙ্গলে ১৪
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৬, ৩:০০:৪৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নভেম্বরের শেষ লগ্নে হিমালয়ের কোলঘেঁষা জনপদে শীতের পায়ের ছাপ স্পষ্ট হয়ে উঠছে। শনিবার (২৮ নভেম্বর) ভোরে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৩.১ ডিগ্রি সেলসিয়াসে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমে শীতের প্রকোপ বাড়ার সম্ভাবনা রয়েছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, শনিবার সকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৯ শতাংশ। ফলে ভোর থেকেই জেলার বিভিন্ন এলাকায় কুয়াশার আবরণ দেখা যায়।
এদিকে, চায়ের দেশ হিসেবে পরিচিত সিলেটের মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় শীতের আগমনী আবহ প্রকৃতিতেও ভিন্ন মাত্রা যোগ করছে।
জেলার শ্রীমঙ্গলে একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এতে করে পুরোপুরি শীতের আমেজ বইতে শুরু করেছে। যদিও অন্যান্য বছরের তুলনায় এ বছর শীতের প্রভাব কম দেখা যাচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শুক্রবার একই সময়ে তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, সকালে ঘন কুয়াশা থাকার কারণে শীতের অনুভূতি তুলনামূলক বেশি থাকছে এবং চা বাগানগুলোর পাতায় শিশির ও কুয়াশার আস্তরণ জমছে। সন্ধ্যা নামার পর থেকে শীতের আমেজ শুরু হয়ে শেষ রাত ও ভোরে ঠান্ডা আরও স্পষ্ট হয়ে উঠছে।
লাখাইছড়া চা বাগানের বাসিন্দা তপন বৈদ্য জানান, শেষ রাত ও ভোরে বেশ ঠান্ডা পড়ছে এবং রাতে কুয়াশা ঝরছে।




