ছাত্র ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৬, ৮:২৯:২৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের দুই নেতাকে গ্রেপ্তার করেছে জালালাবাদ থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে পাঠানটুলা ও মইয়ারচর থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- নগরীর ৮নং ওয়ার্ডের দর্জিপাড়া এলাকার তজমুল আলীর ছেলে ও সাবেক ওয়ার্ড যুবলীগ সভাপতি মো. রাসেল আলী (৪৬) ও জালালাবাদ থানাধিন মইয়ারচর এলাকার মৃত মকসুদ আহমদের ছেলে মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইহতেশাম আহমদ মাআজ (২৩)।
এসএমপি সূত্র জানিয়েছে, শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে জালালাবাদ থানাধিন পাঠানটুলা এলাকা থেকে যুবলীগ নেতা মো. রাসেল আলী (৪৬) ও একই রাত আড়াইটার দিকে মইয়ারচর এলাকা থেকে ইহতেশাম আহমদ মাআজ (২৩) কে আটক করা হয়। রাসেল আলী ২০২৪ সালের ২২ আগস্ট দায়ের করা জালালাবাদ থানার একটি মামলার সন্দেহভাজন আসামি। তার বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারাসহ বিস্ফোরক আইনে মামলা রয়েছে। অন্যদিকে ইহতেশাম আহমদ মাআজ ২০২৬ সালের ২ আগস্ট দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার সন্দেহভাজন আসামি।
পুলিশের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কার্যক্রম পরিচালনা, সদস্য সংগ্রহ এবং গোপন বৈঠকের মাধ্যমে সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছিলেন তাঁরা। এছাড়া সরকারবিরোধী উসকানিমূলক স্লোগান দিয়ে ঝটিকা মিছিল এবং রাষ্ট্রের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার উদ্দেশ্যে উসকানি, মদদ ও ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।
শনিবার (২৮ নভেম্বর) এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়ার অতিরিক্ত দায়িত্বে থাকা উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।




