বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৬, ৮:৩৫:৪৮ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় ১৮ চা বাগানে শনিবার বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের পঞ্চায়েত, ভ্যালি ও কেন্দ্রীয় কার্যকরি পরিষদের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। প্রায় ৮ বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় চা শ্রমিকদের মাঝে উৎসব আমেজ বিরাজ করতে দেখা গেছে। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত চা শ্রমিকরা তাদের পছন্দের প্রার্থীদের ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করেছে।
জানা গেছে, বড়লেখায় ১৮ চা বাগানে মোট ভোটার (নিবন্ধিত চা শ্রমিক) সংখ্যা ৩৮৫৭ জন। এরমধ্যে নারী ভোটার ১৮৯৯ জন। এ নির্বাচনে চা শ্রমিকগণ পঞ্চায়েত কমিটি, প্রাথমিক কার্যকরী পরিষদ, ভ্যালি কার্যকরী পরিষদ এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদের প্রতিনিধি নির্বাচনের জন্য ভোটাধিকার প্রয়োগ করেন। উপজেলার সমনবাগ, পাথারিয়া, রশীদাবাদ, সাবাজপুর চা বাগানসহ বিভিন্ন চা বাগানের ভোট কেন্দ্র ঘুরে চা শ্রমিকদের উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে দেখা গেছে। সকালে নারী ভোটারের উপস্থিতি ছিল লক্ষনীয়।
সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুব জানান, চা শ্রমিক ইউনিয়নের বিভিন্ন স্তরের কার্যকরি কমিটির নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মাঠে তৎপর ছিল। তিনিও বেশ কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেন। ৯০ ভাগেরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। অত্যন্ত সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোট গণনা শেষে স্থানীয় কমিটির বিভিন্ন পদের ফলাফল এখানে ও কেন্দ্রিয় পরিষদের পদের ফলাফল কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হবে।




