জৈন্তায় ইমাম সমিতির সম্মেলন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৬, ৮:৪০:৪৭ অপরাহ্ন

জৈন্তাপুর প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি জৈন্তাপুর উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সম্মেলনে নতুন কমিটির সভাপতি হিসেবে হাফিজ মাওলানা সামছুজ্জামান এবং সাধারণ সম্পাদক হিসেবে মাওলানা জিয়াউর রহমান নির্বাচিত হয়েছেন।
জাতীয় ইমাম সমিতি জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি হাফিজ সামছুজ্জামানের সভাপতিত্বে এবং সহ-সভাপতি আনোয়ারুল আম্বিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসনাত খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা এহসান উদ্দিন, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন ভূঁইয়া, ১৭ পরগণা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মৌলা চৌধুরী, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম কিবরিয়া, মাওলানা নাজমুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হালিম ও ইউপি সদস্য জালাল উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্মেলনের একপর্যায়ে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি পদে হাফিজ মাওলানা সামছুজ্জামান এবং সাধারণ সম্পাদক পদে মাওলানা জিয়াউর রহমান নির্বাচিত হন। সম্মেলনে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, আলেম-ওলামা এবং জাতীয় ইমাম সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




