হাওরে সৌর বিদ্যুৎ নির্মাণের অনুমোদনদাতারাও সমান দায়ী : ফরিদা আক্তার
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৬, ৮:৩৯:৫৯ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা এবং উবিনীগের নির্বাহী পরিচালক ফরিদা আখতার বলেন, হাওরে কোনো সৌর বিদ্যুৎ প্লান বা অবকাঠামো নির্মাণের অনুমোদন যারা দেবেন, দায়দায়িত্বের ক্ষেত্রে তারাও সমান দোষী। হাওর ও নদী রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। এ বিষয়ে সবাইকে কথা বলতে হবে এবং সোচ্চার হতে হবে। শনিবার (২৮ নভেম্বর) হাওর রক্ষা আন্দোলন, মৌলভীবাজারের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি। সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (সচিব) সি এম ইউসুফ।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক ড. মো. আবুল কাশেম, অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুণ্ডু, ড. মুহাম্মদ এমাদুল হক, অধ্যাপক মো. সেলিম তালুকদার, অধ্যাপক শেখ রোকন, ডা. দিলশাদ পারভীন চৌধুরী, শাহ সাহেদা আখতার, মামুনুর রশীদ মামুন ও সজল কান্তি সরকারসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা। সম্মেলনে সভাপতিত্ব করেন হাওর রক্ষা আন্দোলন, মৌলভীবাজারের আহ্বায়ক আ স ম ছালেহ সোহেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব এম খছরু চৌধুরী।
হাওর-নদী-পরিবেশ রক্ষা করো বাংলাদেশ’Ñএই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে হাওর রক্ষা আন্দোলনের জেলা সম্মেলনে হাওর, নদী ও জলাভূমির পরিবেশগত গুরুত্ব, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক সম্পদ রক্ষায় জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি হাওরাঞ্চলের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, পরিবেশকর্মী ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।




