সুনামগঞ্জ টেক্সটাইল অধ্যক্ষ অপসারণ দাবিতে সড়ক অবরোধ
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৬, ৬:৪৫:৫৪ অপরাহ্ন

শান্তিগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ সোহরাব হোসেনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তাঁর অপসারণের দাবিতে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। রোববার বেলা ১১টার দিকে শান্তিগঞ্জে ইনস্টিটিউটের সামনের সড়কে এ কর্মসূচি পালন করেন তাঁরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী।
খবর পেয়ে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। পরে প্রায় এক ঘণ্টা পর শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেন। এ সময় শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলি উল্লাহর নেতৃত্বে পুলিশের একটি দলও অবরোধ প্রত্যাহারে কাজ করে।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তাঁকে সুনামগঞ্জ থেকে অপসারণের দাবিতে গত ১২ নভেম্বর বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত আবেদন দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে তাঁরা আন্দোলনে নেমেছেন। রোববারের মধ্যে অধ্যক্ষকে বদলি করা না হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন তাঁরা।
শিক্ষার্থী আপন মিয়া বলেন, অধ্যক্ষ ১৮ দিন ধরে ইনস্টিটিউটে আসছেন না। তাঁর অপসারণের দাবিতে লিখিত অভিযোগ দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ কারণে ১৮ দিন ধরে ইনস্টিটিউটে ক্লাসও হচ্ছে না। বাধ্য হয়ে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন। তবে তাঁর বিরুদ্ধে আনা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন অধ্যক্ষ মোহাম্মদ সোহরাব হোসেন। তিনি বলেন, অভিযোগগুলো সঠিক নয়। বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি তদন্ত করে দেখবে।




