পতিত আওয়ামী ফ্যাসিস্টদের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : ড. বাবুল
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৬, ৯:৩৪:৫১ অপরাহ্ন

সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ও সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল বলেছেন, পতিত আওয়ামী ফ্যাসিস্টদের এ দেশের রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই। দেশপ্রেমিক জনতা ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করবে। ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তির সুযোগে পতিত ফ্যাসিস্ট আওয়ামী অপশক্তি দেশে নৈরাজ্য সৃষ্টির সুযোগ পেয়েছে। এ জন্য স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকার দায়ী। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে খুনি হাসিনা দেশ ছেড়ে পালানোর মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতির কবর রচনা করে গেছেন।
তিনি রোববার বিকেলে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সিলেট মহানগরীর কোতোয়ালী পশ্চিম থানা জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও লুটপাটের প্রতিবাদে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত মিছিলটি নগরীর শেখঘাট পয়েন্ট থেকে শুরু হয়ে প্রধান প্রধান পয়েন্ট প্রদক্ষিণ করে রিকাবীবাজার পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়।
থানা আমীর মু. আজিজুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি পারভেজ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর জামায়াতের শুরা কর্ম পরিষদ সদস্য মাওলানা আব্দুল মুকিত।
মিছিলে উপস্থিত ছিলেন, থানা নায়েবে আমীর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি আবু রাফিদ, আব্দুল হাকিম, জামায়াত নেতা মোয়াজ্জেম হোসাইন, মাজহারুল ইসলাম, আব্দুর রহমান, কামরুজ্জামান, অলিউর রহমান সাদ্দাম, ফয়েজুল ইসলাম, ডা. মোবারক হোসেন, শ্রমিক নেতা জাবেদ আহমদ, আব্দুল হামিদ রিপন, সমাজসেবী আব্দুল কাদির ও শাহিন আহমেদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি ক্ষমতায় গিয়ে জুলাই সনদ ও গণভোটের রায় উপেক্ষা করে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শক্তিগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টি করেছে। তারা নগ্ন দলীয়করণের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা কুক্ষিগত করার ষড়যন্ত্র করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। মানুষের জানমালের নিরাপত্তা নেই। পতিত ফ্যাসিস্ট অপশক্তির অগ্নিসন্ত্রাস থেকে মন্ত্রী-এমপিদের বাসাবাড়িও রক্ষা পাচ্ছে না। এ পরিস্থিতি মোকাবিলায় সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জাতীয় ঐক্য সুসংহত করতে অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। বিজ্ঞপ্তি




