এমপি মালিকের বাড়িতে পেট্রোল বোমা হামলায় মহানগর জামায়াতের নিন্দা
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৬, ৯:৪১:১৯ অপরাহ্ন

সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিকের বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট মহানগর জামায়াত। একই সঙ্গে অগ্নিসন্ত্রাস ও নাশকতায় জড়িতদের গ্রেফতার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।
রোববার রাতে মহানগর জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
যৌথ বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল ও ডা. মো. ফখরুল ইসলাম এবং সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার ফটকে আগুন দেওয়ার এক সপ্তাহের মাথায় একজন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা উদ্বেগজনক। পাশাপাশি নগরীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ঘন ঘন মিছিল বের হওয়া ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। অথচ এসব ঘটনায় প্রশাসনের কার্যকর উদ্যোগ দৃশ্যমান নয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও এমপি এম এ মালিকের বাড়িতে এবং বিভিন্ন গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানান। একই সঙ্গে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। বিজ্ঞপ্তি




