কুমিল্লায় কাভার্ড ভ্যান-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ৮:২১:৩২ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: কুমিল্লার দাউদকান্দিতে কাভার্ড ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মহানন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দাউদকান্দি থানার ওসি মো. মোজাম্মেল হক।
নিহত পাঁচজন হলেন- দাউদকান্দির কালাঘোনা দক্ষিণ নগর গ্রামের প্রয়াত চিত্তরঞ্জন মণ্ডলের ছেলে পিযুশ মণ্ডল (২৮), জাহানারা বেগম (৩৫), শফিউল্ল্যাহ (২৪), মনির (৩৫) ও ইসমাইল (৩৮)। তারা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সকালে দাউদকান্দি-কচুয়া ভায়া চাঁদপুর সড়কে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মহানন্দ এলাকায় একটি কাভার্ড ভ্যান সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ৫ জন মারা যান।





