জামায়াত ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়: ফখরুল ইসলাম
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫২:২০ অপরাহ্ন

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, মানবতার কল্যাণ সাধনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনই জামায়াতের মূল লক্ষ্য। বাংলাদেশের সবুজ ভূখণ্ডে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সৎ, চরিত্রবান ও নিঃস্বার্থ নেতৃত্ব গড়ে তুলতে হবে।
তিনি বলেন, সমাজ পরিবর্তনের জন্য আগে মানুষের চিন্তা ও চরিত্রের পরিবর্তন প্রয়োজন। দাওয়াতের মাধ্যমে মানুষের কাছে ন্যায়, সততা ও মানবকল্যাণের বার্তা পৌঁছে দিতে হবে। প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি ভালো কাজের দিকে অন্যদের উৎসাহিত করতে হবে। একটি ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সৎ ও যোগ্য মানুষের অংশগ্রহণ বাড়াতে হবে। এ লক্ষ্যে জামায়াতের দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
তিনি মঙ্গলবার রাতে সিলেট মহানগরীর মিরাপাড়া এলাকায় শাহপরান পশ্চিম থানার ২৪নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ২৪নং ওয়ার্ড সভাপতি আহমদ আল মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহপরান পশ্চিম থানা আমীর মু. শাহেদ আলী, ২৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার সোহেল আহমদ রিপন ও ৩২নং ওয়ার্ডের কাউন্সিলার পদপ্রার্থী সৈয়দ ফরহাদ হোসাইন। সভায় উপস্থিত ছিলেন সমাজসেবী এখলাছ উদ্দিন, মীর হোসাইন, আবুল হোসেন ও তাহমিদ আহমদ প্রমুখ।
সভায় জামায়াতের নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে সহযোগি সদস্য ফরম পূরণ করে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ জামায়াতে যোগদান করেন। বিজ্ঞপ্তি





