ঐক্য-সম্প্রীতি ও সমতার আহ্বান আনোয়ার ইব্রাহিমের
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৯:২১:০৩ অপরাহ্ন

মালয়েশিয়া প্রতিনিধি: ‘কোনো অঞ্চল বঞ্চিত নয়, কোনো জনগোষ্ঠী বিচ্ছিন্ন নয়, কোনো নাগরিক পিছিয়ে থাকবে না’Ñএই অঙ্গীকারে জাতীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা ও বৈচিত্র্েযর শক্তিকে ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম।
মালয়েশিয়া দিবস উপলক্ষে বুধবার দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছে দিতে হবে। ১৬ সেপ্টেম্বর মালয়েশিয়া দিবস উপলক্ষে নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, দেশটির অস্তিত্ব সরকার ও জনগণ, বিভিন্ন অঞ্চল ও ফেডারেশন এবং আনুগত্য ও ন্যায়বিচারের পারস্পরিক অঙ্গীকারের ওপর প্রতিষ্ঠিত। তাই দিবসটি শুধু ঐতিহাসিক ঘটনা স্মরণের দিন নয়, জাতীয় অঙ্গীকার নতুন করে নবায়নেরও দিন।
আনোয়ার ইব্রাহিম বলেন, দেশের ইতিহাসে এমন সময় এসেছে, যখন জাতিগত ইস্যুকে রাজনৈতিক ও সামাজিক বিভাজনের জন্য ব্যবহার করা হয়েছে। বিভিন্ন অঞ্চলের মধ্যে বৈষম্য বাড়তে দেওয়া হয়েছে এবং মতপার্থক্যকে বিভেদের দেয়ালে পরিণত করা হয়েছে। এসব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে জাতীয় ঐক্য ও সংহতি আরও শক্তিশালী করতে হবে।
দেশটির ভৌগোলিক বৈচিত্র্েযর প্রসঙ্গ তুলে তিনি বলেন, সমুদ্র মালয়েশিয়ার বিভিন্ন অঞ্চলকে আলাদা করতে পারে, কিন্তু মানুষের আশা-আকাক্সক্ষা ও জাতীয় স্বপ্নকে আলাদা করতে পারে না।
মালয়েশিয়ার যোগাযোগমন্ত্রী দাতুক সেরি ফাহমি ফাদজিল বলেন, মালয়েশিয়া কোনো একক রাজ্য, অঞ্চল বা জনগোষ্ঠীর গল্প নয়। উপদ্বীপ, সাবাহ ও সারাওয়াকÑসব মিলেই দেশটির অভিন্ন ইতিহাস। ‘সেগুলাই সেজালাই’ বা একসঙ্গে পথচলার চেতনায় ইতিহাসকে সম্মান, জাতীয় ঐক্য রক্ষা এবং উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল বলেন, জাতি, ধর্ম, সংস্কৃতি ও সামাজিক পরিচয়ের পার্থক্যকে দুর্বলতা নয়, বরং দেশের শক্তি ও পরিচয়ের অংশ হিসেবে দেখতে হবে। প্রতিরক্ষামন্ত্রী দাতুক সেরি মোহাম্মদ খালেদ নরদিন বলেন, মালয়েশীয় হওয়া শুধু একটি পরিচয় নয়; এটি শান্তি, সম্প্রীতি ও দেশের সার্বভৌমত্ব রক্ষার যৌথ দায়িত্ব।
মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি আর রামানান বলেন, ভিন্ন জাতি, ধর্ম ও সংস্কৃতি থেকে এলেও মালয়েশীয়দের মাতৃভূমি, আশা ও ভবিষ্যৎ অভিন্ন। ‘মালয়েশিয়া সবার’ এই চেতনায় জাতীয় সংহতি জোরদারের আহ্বান জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী দাতুক সেরি ডা. জুলকেফলি আহমাদ বলেন, জাতি, ধর্ম ও সামাজিক পরিচয় নির্বিশেষে সবার ন্যায়সংগত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে। কৃষি ও খাদ্যনিরাপত্তামন্ত্রী দাতুক সেরি মোহাম্মদ সাবু ন্যায়বিচার, পারস্পরিক শ্রদ্ধা ও সমতাভিত্তিক উন্নয়নের মাধ্যমে জাতীয় ঐক্যের বাস্তব প্রতিফলন ঘটানোর ওপর গুরুত্ব দেন।
নারী, পরিবার ও সমাজকল্যাণমন্ত্রী দাতুক সেরি ন্যান্সি শুকরি, পর্যটন, শিল্প ও সংস্কৃতিমন্ত্রী দাতুক সেরি টিয়ং কিং সিং এবং কাজমন্ত্রী দাতুক সেরি আলেকজান্ডার নান্তা লিঙ্গিও দেশটির বৈচিত্র্য, সাংস্কৃতিক ঐতিহ্য, পারস্পরিক শ্রদ্ধা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
এদিকে মালয়েশিয়া দিবস উপলক্ষে দেশটির বিভিন্ন এলাকায় নানা কর্মসূচি পালিত হয়েছে। কুয়ালালামপুরের দ্য টুন রাজাক এক্সচেঞ্জের (টিআরএক্স) রেইনট্রি প্লাজায় ঐতিহ্যবাহী পোশাক ও সারং পরে বিভিন্ন বয়সী মানুষ ‘কেরেতাপি সারং ২০২৬’ কর্মসূচিতে অংশ নেন।
কুয়ালা পার্লিসের জলসীমায় আয়োজিত ‘সমুদ্রযাত্রা কনভয়ে’ অংশ নেয় ৮০টি নৌযান। এতে প্রায় ৭০০ মানুষ অংশ নেন। প্রায় ১৪ কিলোমিটার দীর্ঘ নৌযাত্রাটি মালয়েশিয়ান ফিশারিজ ডেভেলপমেন্ট অথরিটির জেটি থেকে শুরু হয়। জাতীয় পতাকা ‘জালুর জেমিলাং’ দিয়ে সাজানো নৌযানগুলো এতে অংশ নেয়।
প্রতি বছর ১৬ সেপ্টেম্বর মালয়েশিয়া দিবস পালিত হয়। ১৯৬৩ সালের এই দিনে মালয়েশিয়া ফেডারেশন প্রতিষ্ঠার ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করা হয়। দিবসটি দেশটির ফেডারেল কাঠামো, জাতীয় সংহতি এবং উপদ্বীপ, সাবাহ ও সারাওয়াকের অভিন্ন রাষ্ট্রীয় পরিচয়ের প্রতীক হিসেবে পালিত হয়ে আসছে।





