গোয়াইনঘাটে ৮ ড্রেজার ধ্বংস
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৯:৫৫:০০ অপরাহ্ন

Oplus_131072
গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত আটটি ড্রেজার মেশিন (বোমা ড্রেজার) ধ্বংস করা হয়েছে। এছাড়া বালু পরিবহনে ব্যবহৃত একটি স্টিলবডি নৌকা পানিতে ডুবিয়ে দেওয়া হয়।
বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পরগণা বাজার ব্রিজসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকারিয়া হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে গোয়াইনঘাট থানা পুলিশ সহযোগিতা করে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে ওই এলাকায় ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সেখানে অভিযান চালানো হয়। এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত আটটি ড্রেজার মেশিন ঘটনাস্থলেই ভেঙে ধ্বংস করা হয় এবং একটি স্টিলবডি নৌকা পানিতে ডুবিয়ে দেওয়া হয়। প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





