কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ দুইজন আটক
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৯:৫৩:৪৩ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ দুইজনকে আটক করা হয়েছে। এ সময় পণ্য পরিবহনে ব্যবহৃত দুটি অটোরিকশাও আটক করা হয়। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের মিলেনিয়াম পাম্পের সামনে এ অভিযান পরিচালনা করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, আমদানি ছাড়াই ভারত থেকে আনা সাবান, চকলেট, বিস্কুট, তেলসহ বিভিন্ন পণ্য অটোরিকশাযোগে পরিবহনের সময় কোম্পানীগঞ্জ থানার এসআই মো. অলিউল্লাহর নেতৃত্বে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন পাড়ুয়া বদিকোনা গ্রামের আব্দুল হকের ছেলে কাওছার এবং নোয়াগাঙ্গেরপাড় গ্রামের আব্দুল ওয়াহিদের ছেলে বশির আহমদ। এ সময় তাদের অটোরিকশা থেকে প্রায় ১ লাখ ৯১ হাজার টাকা মূল্যের বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি উছমান গণি জানান, অবৈধভাবে নিয়ে আসা ভারতীয় পণ্যসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।





