জামায়াত আমীর হাসপাতালে, খবর নিলেন প্রধান উপদেষ্টা
প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০২৫, ৯:৪৯:২৮ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: হার্টে তিনটি প্রধান রক্তনালিতে ব্লক ধরা পড়ায় জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান হাসপাতালে ভর্তি আছেন। বুধবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার করোনারি এনজিওগ্রাফি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার ভিত্তিতে চিকিৎসক বোর্ড তার হার্টে বাইপাস সার্জারির পরামর্শ দেন এবং আগামী সপ্তাহে সার্জারি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এদিকে হাসপাতালে ভর্তি জামায়াত আমীরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস। বৃহস্পতিবার বিকেলে জামায়াত আমীরের ভেরিফায়েড ফেইসবুক পেইজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
ওই পোস্টে বলা হয়েছে, বাইপাস সার্জারির জন্য হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফোন করে আমীরে জামায়াতের শারীরিক অবস্থা ও চিকিৎসার সামগ্রিক খোঁজখবর নিয়েছেন। তিনি আমীরে জামায়াতের আশু রোগমুক্তি কামনা করেছেন। ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নেওয়ায় প্রধান উপদেষ্টার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছে জামায়াত।







