এবার পাইপগান ও পেট্রোল বোমা উদ্ধার করলো র্যাব
প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০২৬, ৮:৩১:২৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট এবার পাইপগান ও পেট্রোল বোমা উদ্ধার করেছে র্যাব-৯। সোমবার দিবাগত রাত ১০টার দিকে র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দক্ষিণ সুরমা থানার লালারগাঁও এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটার পাইপগান ও ৫ টি পেট্রোল বোমা উদ্ধার করে। মঙ্গলবার (৬ জানুয়ারী) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহীদুল ইসলাম সোহাগ।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানার ৯ নম্বর ওয়ার্ডের লালারগাঁও ১ নম্বর সড়কের অটোবি কারখানার আশপাশের এলাকায় অস্ত্র ও বোমা থাকার সম্ভাবনার খবর পেয়ে তারা সেখানে অভিযান চালায়। এসময় মহাসড়ক-সংলগ্ন একটি যাত্রী ছাউনির বসার জায়গার নিচে রাখা একটি সাদা শপিং ব্যাগ তল্লাশি করে একটি পাইপগান ও পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।
তবে উদ্ধারকালে ঘটনাস্থলে কোনো সন্দেহভাজন ব্যক্তি পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত অস্ত্র ও বোমা নাশকতার উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারত। এ ঘটনায় র্যাব-৯ এর পক্ষ থেকে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত পাইপগান ও পেট্রোল বোমা সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে। থানায় এ বিষয়ে জিডি গ্রহণ করা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
র্যাব-৯ সূত্র জানিয়েছে, ২০২৪ এর ৫ আগস্ট থেকে অদ্যবধি র্যাব-৯, সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকা থেকে মোট ৩৩টি দেশী ও বিদেশী আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ৪টি ম্যাগজিন, ৪৮৮০ গ্রাম বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর, ১টি সাউন্ড গ্রেনেড এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ ৫০টি এয়ারগান উদ্ধার করেছে যা সর্বমহলে প্রশংসিত হয়েছে এবং সিলেট বিভাগীয় আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। র্যাবের এই তৎপরতা অব্যাহত থাকবে।





