হাদী হত্যার বিচার দাবিতে শাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৬, ৬:২৩:৪৭ অপরাহ্ন

শাবিপ্রবি প্রতিনিধি: শহীদ ওসমান হাদী হত্যার চার সপ্তাহ পেরিয়ে গেলেও বিচার কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি না থাকায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ শাবিপ্রবি শাখা। শুক্রবার জুমআ’র নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কিলোরোড হয়ে গোলচত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ইনকিলাব মঞ্চের দপ্তর সম্পাদক শুয়াইব আহমেদ চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক হাফিজুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান অনু। সমাবেশে ইনকিলাব মঞ্চের যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান অনু বলেন, শহীদ হাদী ছিলেন জুলাই-জুনের গণঅভ্যুত্থানের একজন সম্মুখসারির নেতৃত্বদানকারী এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রাজপথের লড়াইয়ে সক্রিয় ছিলেন। অথচ সেই আন্দোলনের একজন সাহসী কর্মীর হত্যার বিচার আজও নিশ্চিত না হওয়া চরম লজ্জাজনক। তিনি অভিযোগ করে বলেন, একটি বিপ্লবের মধ্য দিয়ে গড়ে ওঠা সরকার ও প্রশাসনিক কাঠামোর ভেতর থেকেই একজন বিপ্লবী মানুষের হত্যার বিচার না পাওয়া অত্যন্ত দুঃখজনক। অন্তর্বর্তী সরকারের কাছ থেকে সহায়তার পরিবর্তে অনেক সময় আন্দোলনের বিপরীতে প্রশাসনিক বাধার মুখে পড়তে হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
এছাড়া সমাবেশে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাফিজুল ইসলাম বলেন, সম্প্রতি যে চার্জশিট দেওয়া হয়েছে, তাতে বহু অসংগতি রয়েছে। এটি একটি সাজানো ও স্ক্রিপ্টভিত্তিক চার্জশিট। এমন একটি ভুয়া চার্জশিট আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।
হাফিজুল ইসলাম অভিযোগ করে বলেন, জিডি গায়েবের সঙ্গে যারা জড়িত, তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে এবং দ্রুততম সময়ের মধ্যে শহীদ ওসমান হাদী হত্যার প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।





