পর্যটক বরণে প্রস্তুত সাদাপাথর
প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২৬, ৬:৪৮:০১ অপরাহ্ন
* ২২ মার্চ পরিদর্শনে আসছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী
আব্দুল জলিল, কোম্পানীগঞ্জ : দেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর। প্রতি বছর ঈদে কয়েক লক্ষ পর্যটকের আগমন ঘটে এখানে। ঈদকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি রাখেন পর্যটন সংশ্লিষ্ট ও ব্যবসায়ীরা। এবারও তার ব্যতিক্রম হয়নি। পর্যটকদের বরণ করতে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন তারা। দোকানপাটের সাজসজ্জা, নৌকা মেরামত, পর্যটকদের নিরাপত্তারও সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন। এখন কেবল পর্যটকদের আগমনের অপেক্ষায় সংশ্লিষ্টরা।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া জানিয়েছেন, ঈদে প্রচুর পর্যটকের আগমন ঘটে সাদাপাথরে। তাদের নিরাপত্তার জন্য ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি সার্বক্ষণিক টহল পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ দায়িত্ব পালন করবে। এছাড়া মেডিকেল টিম ও ফায়ার সার্ভিসের একটি দল সেখানে থাকবে। আর এই সবগুলো তদারকির জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দায়িত্ব পালন করবেন। তিনি আরো জানান, সাদাপাথর এলাকায় স্থায়ীভাবে কোন ওয়াশরুম না থাকায় পর্যটকদের সুবিধার জন্য সেখানে অস্থায়ীভাবে কয়েকটি ওয়াশরুম বাসানো হয়েছে।
এদিকে, ২২ মার্চ কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটন কেন্দ্র সাদাপাথর পরিদর্শন করবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি সেখানে পর্যটকদের জন্য নিরাপত্তা বিধান ও সুযোগ সুবিধা প্রদানের লক্ষে স্থানীয় প্রশাসন কর্তৃক গৃহীত কার্যক্রম পরিদর্শন করবেন। মন্ত্রীর আগমনে উৎফুল্ল পর্যটন সংশ্লিষ্টরা। কারণ এর আগে মন্ত্রী পর্যটনের উন্নয়নের জন্য আশ্বাস দিয়েছেন এখন সরেজমিনে দেখে তা হয়তো বাস্তবায়ন করবেন বলে আশাবাদী সংশ্লিষ্টরা।
সিলেটে এ ক’দিনের অঝোর ধারায় বৃষ্টিতে নতুন যৌবন ফিরে পেয়েছে সাদাপাথর। ধূসর পাহাড় এখন সতেজ সবুজ, আর নদীতে ফিরেছে চঞ্চলতা। সাদাপাথরে এখন জলরাশির কলতান। প্রকৃতির এই নতুন রূপ দেখতে আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে রেকর্ডসংখ্যক পর্যটক সমাগমের আশা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
এদিকে পর্যটকদের বরণে প্রস্তুত রয়েছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। খাবারের হোটেল, কাপড়ের দোকান, বিভিন্ন জাতের বিস্কুট-চকলেট আর প্রসাধনীর দোকানগুলো নতুন রূপে সাজিয়েছেন সবাই। তারা আশা করছেন দীর্ঘদিনের খরা কাটিয়ে উঠতে পারবেন এই ঈদে। নির্বাচন আর রমজানের সময়ে মোটেও ব্যবসা হয়নি, যার কারণে ঈদের অপেক্ষায় ব্যবসায়ীরা।
সাদাপাথর পর্যটন ব্যবসায়ী সমিতির সহ সভাপতি লিটন মিয়া জানান, রমজানের পুরো মাস পর্যটকেরা আসেন না। আর এর আগেও নির্বাচন সহ নানা ঝামেলায় পর্যটকদের আগমন সাদাপাথরে খুব কম ছিল। এখন ঈদে পর্যটকদের সমাগম ভালো হবে বলে আমরা আশাবাদী। এজন্য দোকান সাজসজ্জা সহ সকল প্রস্তুতি নিয়ে রেখেছেন ব্যবসায়ীরা।
সিলেট জেলা পুলিশ জানায়, ঈদে পর্যটক বরণে প্রতিবছরই পুলিশ টহল জোরদার করা হয়। এবারও তার ব্যতিক্রম নয়। আমাদের টহল জোরদার রয়েছে। পর্যটনকেন্দ্রগুলোতে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি জেলা পুলিশও টহলে থাকবে। প্রতিটি পর্যটনকেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং লাইফ জ্যাকেটসহ প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।




