এসএমপির অভিযানে ৩২ ঘন্টায় আটক ১০০
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০২৬, ৮:২৯:১৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট মহানগর এলাকায় অপরাধ কর্মকান্ড দমন ও অপরাধীদের গ্রেফতারে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপির অ্যাকশন অব্যাহত রয়েছে| গত ৩২ ঘন্টায় নগরী থেকে বিভিন্ন মামলা ও অপরাধে আরো ১০০ জনকে গ্রেফতার করেছে পুলিশ| আটককৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি, মাদককারবারী রয়েছেন| এসময় ১২২ যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে|
এর আগের ৩২ ঘন্টায় নগরী থেকে ৬৬ জনকে আটক করেছিল পুলিশ|
এসএমপি সূত্রে জানা গেছে, নগরজুড়ে গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি, মাদককারবারী ও চোরাচালানকারীসহ সর্বমোট ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে|
মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে বুধবার দিবাগত রাত ১২টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়| এরমধ্যে নিয়মিত মামলার ৪ আসামী, ৪ জন ওয়ারেন্টভুক্ত আসামী এবং ২ জন মাদক কারবারি, ২ জন জুয়াড়ি ১ জন সন্দেহভাজন আসামী রয়েছেন| এসময় নগরীর বিভিন্ন এলাকা থেকে মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী আরো ২৮ জনকে গ্রেফতার করা হয়| এছাড়া এসময় নগরী থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবেলেট উদ্ধার করা হয়| এসময় অভিযানে বিভিন্ন প্রকার ৪৮টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের ও ৭৪টি যানবাহন আটক করা হয়|
এদিকে, বুধবার দিবাগত রাত ১২টার পর থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত পরবর্তী ৮ ঘণ্টায় আরও পৃথক অভিযানে আরো ৫৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ| এদের মধ্যে ৭ জন নিয়মিত মামলার আসামি, ১ জন ওয়ারেন্টভুক্ত আসামী, ১০ জন মাদকসেবী, ১ জন চোর সন্দেহে, ৩৮ জন সন্দেহভাজন আসামী ও ১ জন ছিনতাইকারী রয়েছেন| এসময় মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী আরো ১ জনকে গ্রেফতার করা হয়|
বৃহস্পতিবার এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মঞ্জুরুল আলম বলেন, সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে| নগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এসএমপির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি|





