মিষ্টির দোকান ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত বাতিল
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০২৬, ৮:৩৪:৫৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : নির্দেশনার ৩ দিনের মাথায় সিলেটের দুগ্ধজাত পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান ও দোকানসমূহ রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত বাতিল করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপি|
বুধবার রাতে এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী সাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১২ এপ্রিল বাংলাদেশ সুইটস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, সিলেটের নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত ˆবঠকে দুগ্ধজাত পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান/দোকানসমূহ রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিষয়ে যে নির্দেশনা প্রদান করা হয়েছিল তা বাতিল করা হলো|
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক পূর্বের ন্যায় সকল মিষ্টান্ন, কেক, বিস্কুট, পাউরুটি ও অন্যান্য দুগ্ধজাত পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান ও দোকানসমূহ প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো| কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান উক্ত নির্দেশনা অমান্য করলে বিদ্যমান আইন ও বিধি অনুযায়ী যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে|
তবে হোটেল/রেস্তোরাঁ (খাবারের দোকান), কাঁচাবাজার, ফার্মেসি ও জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহ এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বলে জানায় পুলিশ|





