এসএমপির অভিযানে ১৫ দিনে গ্রেফতার ৮৩৮
প্রকাশিত হয়েছে : ১৮ এপ্রিল ২০২৬, ৮:৫৪:৪৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপির সাড়াশি অভিযান অব্যাহত রয়েছে| গত ৩২ ঘন্টায় নগরে পুলিশের অভিযানে আরো ১০৮ জনকে গ্রেফতার করা হয়েছে| এর আগের ৩২ ঘন্টায় আটক হয়েছিলেন ৮১ জন|
এদিকে চলতি এপ্রিল মাসের ১৫ দিনে (১ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত) সিলেট নগরীতে বিশেষ অভিযানে ৮৩৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ| এরমধ্যে ৫৪ জন চিহ্নিত ছিনতাইকারী রয়েছেন|
এসএমপি সূত্রে জানা গেছে, সিলেট মহানগরীতে ছিনতাই ও অপরাধ দমনে ব্যাপক অভিযান চালিয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে পুলিশ| পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সার্বিক নির্দেশনা ও তদারকিতে গত ১ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত পরিচালিত পৃথক অভিযানে মোট ৮৩৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে|
গ্রেফতারকৃতদের মধ্যে ৫৪ জন চিহ্নিত ছিনতাইকারী রয়েছে| যা নগরীতে ছিনতাই দমনে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে মনে করছে পুলিশ| এছাড়া ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী ও সেবী, চোর, ডাকাত এবং চোরাচালানকারীদের বিরুদ্ধেও অভিযান চালানো হয়|
এই সময়ে মাদকবিরোধী অভিযানে নগরী থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে| এর মধ্যে ১,০১৪ পিস ইয়াবা, ৭১০ বোতল বিদেশি মদ, ৮৫ লিটার চোলাই মদ এবং ১ কেজি ৭৮০ গ্রাম গাঁজা রয়েছে| মাদক সংক্রান্ত অভিযানে গ্রেফতার হয়েছেন ৪৯ জন| একইসময়ে নগরীর বিভিন্ন এলাকা থেকে ২৭ জন চোর ও ডাকাতকে আটক করা হয়|
এসএমপি সূত্র জানিয়েছে, চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়েছে| উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে ১৫০ কেজি জিরা, ২,৪৮০ কেজি ফুসকা, ২,৫২০ পিস চকলেট, ১৪টি মহিষ, ১০,৪৪০ পিস চশমা, ২,১৪,০৫০ টাকার কসমেটিকস, ২৭টি শাড়ি এবং ৭৫ বস্তা চা পাতা|
এদিকে গত ১৫ দিনে এসএমপির ট্রাফিক বিভাগ অভিযান চালিয়ে ১,৬৫৪টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে| এর মধ্যে ৬৪৩টি মামলায় জরিমানা করা হয়েছে এবং ১,০১১টি যানবাহন আটক করা হয়েছে|
শনিবার এই তথ্য নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, চুরি-ছিনতাই রোধ ও অপরাধ দমনে এসএমপি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে| গত ১৫ দিনে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে| নগরীর আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের এধরনের অভিযান অব্যাহত থাকবে|





