মৌলভীবাজারে বিজ্ঞান মেলা সফলে প্রস্তুতিমূলক সভা
প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০২৬, ৭:১৪:০৫ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: ‘উদ্ভাবনেই বাংলাদেশ গঠন—বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা সফলভাবে আয়োজনের লক্ষ্যে মৌলভীবাজারে এক প্রস্তুতিমূলক সভা ও চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরীনসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, বিজ্ঞান সংশ্লিষ্ট সংগঠনের সদস্য এবং অন্যান্য স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন।
সভায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা আয়োজনের সার্বিক প্রস্তুতি, কার্যক্রমের পরিকল্পনা, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের সমন্বয়, প্রকল্প প্রদর্শনীর বিষয়বস্তু নির্বাচন, বিচার কার্যক্রম এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা মেলাকে আকর্ষণীয় ও ফলপ্রসূ করতে বিভিন্ন বাস্তবমুখী প্রস্তাব উপস্থাপন করেন।
জেলা প্রশাসন মৌলভীবাজারের আয়োজনে আগামী ২৭-২৯ এপ্রিল তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা শহরের সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে, যেখানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উদ্ভাবকরা তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করবেন।
এদিকে, মৌলভীবাজারে অসুস্থ ও দুর্ঘটনায় আহত/নিহত শ্রমিকদের চিকিৎসা ও শিক্ষা সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ৩৩তম পরিচালনা বোর্ড সভায় অনুমোদিত অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর মৌলভীবাজার-এর আয়োজনে উপমহাপরিদর্শকের কার্যালয়ের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান।
অনুষ্ঠানে মোট ২৪ জন উপকারভোগী শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের মাঝে চিকিৎসা ও শিক্ষা সহায়তার চেক বিতরণ করা হয়। এসময় সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, শ্রমিক প্রতিনিধি এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।





