এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল
প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০২৬, ৭:৪৫:৫১ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন ভবনে মনোনয়নপত্র বাছাই শেষে তা অবৈধ (বাতিল) ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান। তিনি জানান, সরকারি চাকরি ছাড়ার তিন বছর পার না হওয়ায় মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
মনিরা শারমিন ২০২৩ সালের ১১ নভেম্বর কৃষি ব্যাংকে যোগদান করে রাজনীতিতে নাম লেখান এবং ২০২৫ সালের ডিসেম্বরে পদত্যাগ করেন। আইন অনুযায়ী, কোনো ব্যক্তি সরকারি চাকরি থেকে পদত্যাগ বা অবসরের তিন বছর অতিবাহিত না হলে নির্বাচনের অযোগ্য বলে বিবেচিত হন। এ কারণেই তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।
এদিকে বাছাইয়ে বাদ পড়ার পর মনিরা শারমিন বলেন, প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করার পরও বাদ পড়েছেন। আইনজীবীর পরামর্শ নিয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি আপিল করবেন। এ সময় তার আইনজীবী নাজমুস সাকিব বলেন,‘আগামী রোববার নির্বাচন কমিশনে প্রার্থিতা ফিরে পেতে আপিল করব। প্রার্থিতা ফিরে পাব আশা করি। আমরা বুঝেশুনেই নির্বাচনে প্রার্থী হয়েছি।’
এর আগে বুধবার জামায়াত জোটের ১৩ প্রার্থীর মধ্যে ১২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। আর মনিরা শারমিনকে চাকরি-সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে সরবরাহ করার নির্দেশ দিয়ে তার মনোনয়নপত্র বাছাই কার্যক্রম স্থগিত রাখা হয়।
দুই দিনের বাছাইয়ে বিএনপি জোটের ৩৬, জামায়াত জোটের ১২ এবং স্বতন্ত্র মোর্চার একজনের মনোনয়নপত্রসহ মোট ৪৯ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। তফসিল অনুযায়ী, সংরক্ষিত আসনের মনোনয়নের বিষয়ে ইসিতে আপিল দায়েরের তারিখ ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। ১২ মে হবে ভোট।




