শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা
প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল ২০২৬, ৬:২৬:২৮ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী তার নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও জনগণকে যথাযথ সেবা প্রদানের লক্ষ্যে সংশ্লিষ্ট সকল বাহিনীর সমন্বয়ে একটি বিশেষ সভা করেছেন।
শনিবার সকালে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী।
সভায় উপস্থিত বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের উদ্দেশে এমপি বলেন, আমি আপনাদের অভিভাবক বা শাসক হিসেবে নয়, একজন ভাই হিসেবে অনুরোধ করছি আমার এলাকা থেকে মাদক নির্মূল করুন, পর্যটকদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করুন, অবৈধ বালু উত্তোলন বন্ধ করুন এবং যানজট নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখুন। তিনি আরও বলেন, শ্রীমঙ্গল উপজেলাটি দেশের অন্যান্য অনেক এলাকার তুলনায় ব্যতিক্রম, কারণ এখানে রয়েছে সীমান্ত এলাকা, অসংখ্য পর্যটন স্পট, চা-বাগান, বনাঞ্চল, হাওর ও পাহাড়ি ছড়া। প্রতিদিন হাজার হাজার পর্যটকের আগমনের কারণে এখানকার আইনশৃঙ্খলা রক্ষা একটি গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং বিষয়।
তিনি নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, আমি আমার এলাকাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা অপরিহার্য। সভায় তিনি মাদক নির্মূল, অবৈধ বালু উত্তোলন বন্ধ, মোটরসাইকেল ও গরু চুরি প্রতিরোধ, ছিনতাই দমন, মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, যানজট নিয়ন্ত্রণ, বনাঞ্চলে গাছ চুরি বন্ধ এবং সরকারি অফিসসমূহকে জনবান্ধব করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলে দায়িত্বরত র্যাব কমান্ডার, থানা পুলিশ, পর্যটন পুলিশ, রেলওয়ে পুলিশ, বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আনসার বাহিনী, ফায়ার সার্ভিস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), দলীয় নেতা এবং গণমাধ্যমকর্মীরা।





