বিচারকের সামনেই বিষ খেলেন বিচারপ্রার্থী
প্রকাশিত হয়েছে : ১০ মে ২০২৬, ৭:৫৫:৫০ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: ফেনীতে আদালতে মামলার শুনানি চলাকালে বিচারকের সামনেই বিষপান করেছেন এক নারী বিচারপ্রার্থী। পরে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আদালতপাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই নারীর বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলায়। রোববার দুপুরে ফেনী জেলা দায়রা ও জজ আদালতের ফুলগাজী আমলি আদালতের এজলাসে এ ঘটনা ঘটে।
আদালতের পেশকার জসিম উদ্দিন ও বাদীপক্ষের আইনজীবী জানান, ওই নারী প্রেম করে ২০২৫ সালে ফুলগাজীর বাসিন্দা ও চার সন্তানের জনক আকবর হোসেনকে বিয়ে করেন। বিয়ের পর দাম্পত্য কলহের জেরে চলতি বছরের ২৯ জানুয়ারি তিনি স্বামীর বিরুদ্ধে মামলা করেন। সোমবার ছিল মামলার শুনানির দিন।
শুনানির সময় বাদী ও বিবাদী উভয়েই আদালতে উপস্থিত ছিলেন। বিচার কার্যক্রম চলাকালে হঠাৎ ক্ষোভ ও হতাশা থেকে ওই নারী বিষপান করেন। পরে আদালতে উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
ওই নারীর বোন জানান, স্বামীর বিরুদ্ধে কাবিন আদায়ের মামলার শুনানি শেষে আদালত আকবর হোসেনকে জামিন দেন। জামিনের আদেশ শোনার পর আদালত প্রাঙ্গণে বিচারকের সামনেই ওই নারী সঙ্গে থাকা বিষ পান করেন। এর আগে তার স্বামী ফোনে তাকে মরে যেতে বলেছিলেন বলেও অভিযোগ করেন তিনি। ফেনী জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, বিষক্রিয়ার লক্ষণ নিয়ে ওই নারীকে হাসপাতালে আনা হয়। পরে তার পাকস্থলী পরিষ্কার করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।




