ক্রেতা সেজে দোকানে চুরি ৩ নারীসহ গ্রেপ্তার ৭
প্রকাশিত হয়েছে : ১০ মে ২০২৬, ৯:৫৯:২৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর বিভিন্ন দোকানে ক্রেতা সেজে চুরির অভিযোগে ৩ নারীসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা সংঘবদ্ধ চোরচক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ। আটকের গ্রেপ্তারকৃতদের কছে থেকে নগদ টাকাও উদ্ধার করা হয়।
গত ৩২ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
এসএমপি সূত্রে জানা গেছে, গত ২৮ জানুয়ারি বিকেলে এয়ারপোর্ট থানাধীন গোয়াইপাড়া এলাকার চাষনীপীর মাজার রোডস্থ ‘সাফওয়ান স্টোর’ নামক দোকানে চুরির ঘটনা ঘটে। এসময় নারী সদস্যরা বোরকা পরে ক্রেতা সেজে দোকানের ভেতরে অবস্থান নেয় এবং পুরুষ সদস্যরা বিভিন্ন মালামালের মূল্য নির্ধারণ ও পছন্দ করার ভান করে দোকান মালিককে ব্যস্ত রাখে। পরবর্তীতে তারা ক্যাশ বাক্স থেকে নগদ ২ লাখ ৩০ হাজার টাকা এবং এমবি কার্ড ও মিনিট কার্ড বাবদ প্রায় ২০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
পরবর্তীতে একই চক্র গত ২৯ এপ্রিল সন্ধ্যায় মজুমদারী এলাকার ‘ইরাম জেনারেল স্টোর’ নামক দোকান থেকে ৮৭ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
এসব ঘটনায় দায়ের করা দুটি মামলার প্রেক্ষিতে পুলিশ আকাশ ওরফে আপন (৩০), ফকির আলী (৩১), সাদিকা বেগম (২১), ফাইজা বেগম (২৩), মোঃ নাহিদ সিকদার (২৪), রোকেয়া বেগম (৫০) ও শুভরাজ দে (২২) কে গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, চোর চক্র সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারসহ আশপাশের জেলার বিভিন্ন এলাকায় শপিংমল, সুপার শপ, বিপণিবিতান ও দোকানপাটে বোরকা পরে ক্রেতা সেজে প্রবেশ করে কৌশলে চুরি কার্যক্রম পরিচালনা করে আসছিল।
এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।




