সিলেটে হাম উপসর্গে ২৪ ঘন্টায় সর্বোচ্চ ১২২ শিশু হাসপাতালে
প্রকাশিত হয়েছে : ১০ মে ২০২৬, ৯:৫৫:৩৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট উদ্বেগজনক হারে বাড়ছে হাম উপসর্গে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে বিভাগে হাম ও হামের উপসর্গে ২৭ শিশুর মৃত্যু হয়েছে। এরমধ্যে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে সর্বোচ্চ রেকর্ড সংখ্যক রোগী ভর্তি হয়েছেন। একদিনে ১২২ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (১০ মে) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেটে দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের একজনের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা ও অন্যজনের বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলা।
প্রতিবেদনে আরও বলা হয়-একই সময়ে সিলেট নতুন করে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২২জন। তাদের মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল সর্বোচ্চ ৫৪জন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সিলেটে হাম ও হামের উপসর্গে ২৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছে ২৪ শিশু এবং হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৩ শিশু।
এছাড়া ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সিলেটে ২৬৮ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ১৪২ জনের হাম শনাক্ত হয়েছে।
এ ব্যাপারে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. নুরে আলম শামীম জানান, হাম উপসর্গে ভর্তি ও মৃতের চিত্র সারাদেশে প্রায় এক। সিলেটও এর ব্যতিক্রম নয়। হামের বিশেষ টিকা ক্যাম্পেইনের সময় আরো ১০ দিন বৃদ্ধি করা হয়েছে। আগামী ২০ মে পর্যন্ত চলছে টিকা ক্যাম্পেইন। আমরা আশা করছি আগামী ৪ সপ্তাহের মধ্যে হামে আক্রান্তের সংখ্যা কমে যাবে। কারণ টিকা কার্যকর হলে সংক্রমণ কমে আসবে।





