উচ্চশিক্ষায় উদ্ভাবনকে টেকসই করতে মেধাস্বত্বের গুরুত্ব অপরিসীম : শাবি ভিসি
প্রকাশিত হয়েছে : ১১ মে ২০২৬, ৮:১৫:০১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেছেন, উচ্চশিক্ষায় উদ্ভাবন ও সৃজনশীলতাকে টেকসই করতে মেধাস্বত্ব বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসের গুরুত্ব অপরিসীম| আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মৌলিক কাজগুলো যাতে যথাযথভাবে সংরক্ষিত হয় এবং তা যেন দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে, সেজন্য আমাদের সচেতনতা বাড়ানো প্রয়োজন| বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে সোমবার (১১ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) কনফারেন্স কক্ষে ’Strengthening Intellectual Property Rights Practices in Higher Education’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন|
বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, গবেষকদের জন্য পর্যাপ্ত অর্থনৈতিক সহায়তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ| গবেষণায় প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা না পেলে গবেষকরা নিরুৎসাহিত হয়ে পড়েন| তাই গবেষণার ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে সেগুলো দূরীকরণে আমাদের সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে|
বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন বলেন, গবেষণার স্বত্বাধিকার নিশ্চিত করা গেলে তা বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রাতিষ্ঠানিক ভিত্তি আরও মজবুত করবে| মেধাস্বত্ব রক্ষায় আমাদের প্রশাসনিক ও আইনি কাঠামোকে আরও আধুনিকায়ন করতে হবে|
আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. সালমা আখতারের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়য়ের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. এম. রাশেদ হাসনাত| অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শাবিপ্রবি আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মাসুদ আলম| কর্মশালা সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল হামিদ| কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানরা অংশগ্রহণ করেন| এসময় বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত রচনা ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়|




