হাওরে বন্যার উন্নতি
প্রকাশিত হয়েছে : ১১ মে ২০২৬, ৮:৩০:০২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার হাওরে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে| এ অঞ্চলের সবগুলো নদীর পানি এখন বিপদ সীমার নিচে অবস্থান করছে| এক দিনের ব্যবধানে হবিগঞ্জের সুতাং নদীর পানি কমে প্রাক-মৌসুমী বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার তথ্য দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র|
কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মঞ্জুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় তেমন কোনো বৃষ্টিপাত না হওয়ায় সার্বিক বন্যা পরিস্থিতি আগের দিনের তুলনায় উন্নতির দিকে| রোববার উত্তর পূর্বাঞ্চলের পাঁচটি নদীর পানি ৫ পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও সোমবার ভুগাই-কংস ও সুতাং নদীর পানি বিপৎসীমার নিচে নেমে এসেছে|
উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার প্রধান নদীগুলোর মধ্যে (সোমবার) সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সুরমা-কুশিয়ারা, ধনু-বাউলাই ও ভুগাই-কংস নদীর পানি কমেছে| ফলে মৌলভীবাজার, সুনামগঞ্জ, নেত্রকোণা ও হবিগঞ্জের হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে|
আগামী ১৫ মের পর উত্তর-পূর্বাঞ্চলে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, তখন এ অঞ্চলের নদীগুলোতে পানি আবারও বাড়তে পারে| তখন আমরা প্রাক-মৌসুমী হিসাব থেকে বেরিয়ে এসে মৌসুমী বিপদসীমা বিবেচনা করব|
সোমবার (১১ মে) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সবশেষ বুলেটিনে বলা হয়, এদিন সকাল ৯টায় উত্তর-পূর্বাঞ্চলের তিনটি নদী তিনটি পয়েন্টে প্রাক-মৌসুমী বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল| এ নদীগুলোর মধ্যে সুনামগঞ্জ জেলার নালজুর নদী জগন্নাথপুর পয়েন্টে, নেত্রকোণা জেলার সোমেশ্বরী নদী কলমাকান্দা পয়েন্টে এবং মগরা নদী নেত্রকোণা পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল| গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের উজানে এবং অভ্যন্তরে হাওর অববাহিকায় তেমন কোনো বৃষ্টিপাত না হওয়ার তথ্য দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র|
ˆবশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর বরাত দিয়ে আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, এই অঞ্চলে আগামী দুই দিন হালকা থেকে মাঝারি থেকে মাঝারি-ভারি এবং তৃতীয় দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে| ২৪ ঘণ্টায় ১২ থেকে ২২ মিলিমিটার বৃষ্টি হলে তাকে মাঝারি, ২৩ থেকে ৪৩ মিলিমিটার হলে মাঝারি-ভারি, আর ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হলে তাকে ভারি বৃষ্টি বলে আবহাওয়া অধিদপ্তর|
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার সিলেট, সুনামগঞ্জের সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল আগামী দুই দিন হ্রাস পেতে পারে এবং তৃতীয় দিন স্থিতিশীল থাকতে পারে| ফলে সুনামগঞ্জের কুশিয়ারা অববাহিকার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে|
মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু নদীর পানি সমতল আগামী এক দিন হ্রাস পেতে পারে এবং দ্বিতীয় ও তৃতীয় দিন স্থিতিশীল থাকতে পারে| খোয়াই ও জুড়ি নদীর পানি সমতল আগামী তিন দিন স্থিতিশীল থাকতে পারে এবং সুতাং নদীর পানি সমতল আগামী তিন দিন হ্রাস পেতে পারে| ফলে হবিগঞ্জ জেলার সুতাং অববাহিকার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে|




