শ্রীমঙ্গলে নিলামে কমেছে চা বিক্রি, কমছে দামও
প্রকাশিত হয়েছে : ১১ মে ২০২৬, ৮:২৬:৫৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : দেশের ২য় চা নিলাম কেন্দ্র শ্রীমঙ্গলে চলতি মৌসুমে কমেছে চায়ের বিক্রি| বিক্রি কমার সঙ্গে কমছে চা পাতার দামও| গত ২৯ এপ্রিল শ্রীমঙ্গলের প্রথম নিলামের তথ্য বিশ্লেষণ করে এ চিত্র উঠে এসেছে| গড়ে দেড় থেকে দুই শতাংশ চা বিক্রি হয় এই নিলাম কেন্দ্রে|
তথ্য বলছে, চায়ের রাজধানী শ্রীমঙ্গল আর চায়ের দেশ বলা হয় মৌলভীবাজার জেলাকে| ২০১৭ সালের ৮ ডিসে¤^র শ্রীমঙ্গলে চালু হয় দেশের ২য় চা নিলাম কেন্দ্র| চা নিলাম কেন্দ্র চালু হওয়ার ৯ বছরেও জমেনি এখানকার চা নিলাম কেন্দ্র| অথচ ২০২৩ সালে পঞ্চগড়ে চালু হওয়া দেশের ৩য় চা নিলাম কেন্দ্রে চা পাতা বেচাকেনা শ্রীমঙ্গলের চেয়ে দ্বিগুণ| আর দেশের প্রথম চা নিলাম কেন্দ্র চট্টগ্রামে দেশের ৯৫ শতাংশ চা বিক্রি হয়| অথচ খোদ চায়ের রাজধানী শ্রীমঙ্গলের চা নিলাম কেন্দ্রটি অজানা কারণে জমে উঠছে না| বাগান মালিকরা চট্টগ্রামকেই বেশি অগ্রাধিকার দেন| চা বোর্ডের তথ্য অনুযায়ী, গত ২৭ এপ্রিল শুরু হওয়া চট্টগ্রাম নিলামে (প্রথম নিলাম) ১৪ লাখ ৭৬ হাজার ২৪৭ কেজি চা বিক্রি হয়েছে| কেজিপ্রতি চা ২৭৪ টাকায় বিক্রি হয়| ৪ মে দ্বিতীয় নিলামে চা সরবরাহ কমে গেলে মোট বিক্রি হয় ১০ লাখ ১২ হাজার ৫১২ কেজি| তবে সরবরাহ কমায় চায়ের গড় দাম উঠে যায় কেজিপ্রতি ২৮০ টাকা ৫২ পয়সায়| চট্টগ্রামে দাম বাড়লেও অন্য দুটি নিলাম কেন্দ্রে সরবরাহ ও দাম দুটোই নিম্নমুখী বলে জানিয়েছেন চা সংশ্লিষ্টরা|
তথ্যমতে, ২৯ এপ্রিল শ্রীমঙ্গলের প্রথম নিলামে বিক্রি হয় ৪৪ হাজার ১২৯ কেজি চা| কেজিপ্রতি চায়ের গড় দাম ছিল ২৬৭ টাকা| ৫ মে অনুষ্ঠিত দ্বিতীয় নিলামে সরবরাহ কমার সঙ্গে সঙ্গে কেজিপ্রতি গড় দামও কমে যায়| শ্রীমঙ্গলের দ্বিতীয় নিলামে ২৬ হাজার ৯৭০ কেজি চা গড়ে ২৪৩ টাকা ৭৫ পয়সায় বিক্রি করেছেন বাগান মালিকরা| আবার ২৮ এপ্রিল পঞ্চগড়ের প্রথম নিলামে ৫২ হাজার ৩৭৭ কেজি চা গড়ে ২৩১ টাকা ৯৩ পয়সায় লেনদেন হয়েছে| পঞ্চগড়ের দ্বিতীয় নিলামেও চায়ের সরবরাহ ও দাম দুটোই কমে যাওয়ায় শঙ্কা জানিয়েছেন ব্যবসায়ীরা|
দেশের প্রধান চা নিলাম কেন্দ্র চট্টগ্রাম| দেশে উৎপাদনের পর লেনদেন হওয়া ৯৫ শতাংশেরও বেশি চা এ নিলামে প্রস্তাব করেন বাগান মালিকরা| দ্বিতীয় নিলামে ১২ লাখ ৬ হাজার ৮০০ কেজি চা বিক্রির জন্য প্রস্তাব করা হলেও ৮৪ শতাংশ চা কিনে নিয়েছেন বায়ার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা| তৃতীয় নিলামে ১৬ লাখ ৬১ হাজার ৮০০ কেজি চা বিক্রির প্রস্তাবের ঘোষণা দিয়েছে ব্রোকার্স প্রতিষ্ঠানগুলো, যা আগের বছরের একই নিলামের তুলনায় ২ লাখ ৪৮ হাজার ১৮৪ কেজি বেশি| চলতি বছর এপ্রিলে পর্যাপ্ত আগাম বৃষ্টি ও অনুকূল পরিবেশ থাকায় নিলামে আগের বছরের তুলনায় বাড়তি চা সরবরাহের সুযোগ পাচ্ছেন বলে জানিয়েছেন বাগান মালিকরা|
জানতে চাইলে ন্যাশনাল টি ব্রোকার্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক অঞ্জন দেব বর্মণ বলেন, চট্টগ্রামের চা নিলাম কেন্দ্র শত বছরের বেশি সময় ধরে চা নিলামের সঙ্গে যুক্ত| বর্তমানে দেশে আরো দুটি নিলাম কেন্দ্র চালু হলেও পুরনো কেন্দ্র হিসেবে চট্টগ্রামে ভালো মানের ও সর্বোচ্চ পরিমাণ চা সরবরাহ করে বাগানগুলো| নতুন মৌসুমেও চট্টগ্রামে চায়ের চাপ বেশি, ক্রেতারা বাড়তি দামে হলেও এখানকার চা কিনে নিচ্ছেন| চলতি মৌসুমে আবহাওয়া ভালো থাকায় ভালো মানের চা উৎপাদনের কারণে মৌসুমটা চা খাতের জন্য ভালো যাবে বলে আশা করি|
ব্রোকার্স প্রতিষ্ঠানের তথ্যমতে, প্রথম নিলামে সর্বোচ্চ দামে চা বিক্রি করেছে মধুপুর চা বাগান| এ বাগানের ক্লোনাল ব্রোকেন ক্যাটাগরির ১০ প্যাকেজ জিবিওপি চা (৫০০ কেজি) কেজিপ্রতি ৭০০ টাকা দাম উঠেছে| দ্বিতীয় নিলামেও মধুপুর বাগানের চা ক্লোনাল ব্রোকেন জিবিওপি চা (৫০০ কেজি) ৪৮০ টাকা কেজি দরে কিনে নিয়েছে রাজধানী টি কোম্পানি| এছাড়া প্রথম ও দ্বিতীয় নিলামে জেরিন, মির্জাপুর, গাজীপুর, ˆখয়াছড়া, করিমপুর, দাঁড়াগাঁও, বালিচেরা, রুথনা, কাদেরপুর বাগানগুলো সবচেয়ে বেশি দামে চা বিক্রির তালিকায় উঠে এসেছে|
দেশে বার্ষিক চায়ের চাহিদা নয় কোটি কেজিরও বেশি| সর্বশেষ মৌসুমে ৯ কোটি ৪৯ লাখ ২৭ হাজার কেজি চা উৎপাদন করেছে দেশের ১৭২টি বাগান| চলতি মৌসুমে ১০ কোটি ৪০ লাখ কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ চা বোর্ড| যদিও ফেব্রুয়ারি পর্যন্ত দুই মাসে ৫ লাখ ৯৭ হাজার কেজি চা উৎপাদন করেছে বাগানগুলো| এপ্রিলে দেশে পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় আগামী মাসগুলোয় চা উৎপাদন পূর্ববর্তী বছরগুলোর তুলনায় বাড়বে বলে আশা করছেন চা খাতসংশ্লিষ্টরা|




