জকিগঞ্জে আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য আটক
প্রকাশিত হয়েছে : ১৬ মে ২০২৬, ৯:৩২:২৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট জকিগঞ্জ থেকে আন্তঃজেলায় ডাকাতির ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে ডাকাতির ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্যও উদ্ধার হয়েছে বলে দাবি করেছে জকিগঞ্জ থানা পুলিশ।
জেলা পুলিশ সূত্র জানিয়েছে, গত ২৪ এপ্রিল দিবাগত রাতে জকিগঞ্জ থানার বারহাল ইউনিয়নের বুরহানপুর এলাকায় একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার পর সিলেট জেলার পুলিশ সুপারের নির্দেশনায় জকিগঞ্জ থানার একাধিক টিম ডাকাতদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৪ মে) রাতে জকিগঞ্জ থানার ৭নং বারঠাকুরী ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির ঘটনায় জড়িত উপজেলার কাশিরচক গ্রামের জামাল আহমদ জামুর ছেলে রমজান আহমদ (৩০) কে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত রমজান আহমদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন এবং পরে বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই ঘটনায় জড়িত উপজেলার হাসিতলা গ্রামের আব্দুল গণির ছেলে কয়েছ আহমদ ওরফে কচালি (৩৮)কে গ্রেফতার করা হয়।
পুলিশ আরও জানায়, আটক রমজান আহমদের বিরুদ্ধে জকিগঞ্জ থানা ছাড়াও গোলাপগঞ্জ মডেল থানা ও আশপাশের বিভিন্ন থানায় মোট ৮টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত দুই আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে জকিগঞ্জ থানা পুলিশ।





