এসএমপির অ্যাকশন অব্যাহত ৩২ ঘন্টায় আটক আরো ২০৯
প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২৬, ৯:৪৪:০৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরজুড়ে সাড়াশি অভিযান অব্যাহত রেখেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপি। ৩২ ঘন্টায় অভিযান চালিয়ে আটক করা হয়েছে ২০৯ জনকে। এই সময়ে ৮৭টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়। এর আগে ৩২ ঘন্টায় ২৩৩ জনকে আটক এবং ১০০টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছিল।
এসএমপি সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে শনিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানে নিয়মিত মামলা, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, মাদকদ্রব্য উদ্ধার, ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার এবং মেট্রো অধ্যাদেশের আওতায় ১৭৫ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে-নিয়মিত মামলার আসামি ও সন্দেহভাজন ৩, ওয়ারেন্টভুক্ত ৬, মাদক ব্যবসায়ী ৪, বিনা পরোয়ানায় ১ ও মেট্রো অধ্যাদেশ আইনে আটক ১৩৪ জন রয়েছেন। অভিযানে ৬ বোতল বিদেশি মদ, ৩০ পিস ইয়াবা ও ১৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে।
এদিকে এসময় এসএমপির ট্রাফিক বিভাগের অভিযানে ৫১টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের এবং ৩৬টি যানবাহন আটক করা হয়েছে।
এছাড়া শনিবার দিবাগত রাত ১২টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত আরও ৮ ঘণ্টায় পরিচালিত অভিযানে মহানগরীর বিভিন্ন থানা পুলিশ আরো ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ১ জন নিয়মিত মামলার আসামি, ৩ জন ওয়ারেন্টভুক্ত, ১৭ জন মাদকসেবী, ১১ জন সন্দেহভাজন ব্যক্তি, ১ জন ছিনতাইকারী ও ১ জন হকার রয়েছেন।
রোববার এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।





