সিলেটে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২৬, ৯:৪৬:৫০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০ মাস বয়সী এ শিশুর মৃত্যু হয়। এুনিয়ে সিলেট বিভাগে হামে ও হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ জনে।
রোববার (২৪ মে) এর সত্যতা নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডাঃ মো. মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় একজন রোগী ল্যাব টেস্টে শনাক্ত হবার পাশাপাশি একই সময়ে উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩ জন। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন প্রায় ২৯৯ জন শিশু।
এরমধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি আছেন ৮৯ জন ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৮০ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ মে পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব পরীক্ষায় ১৫৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে মারা যাওয়া শিশুদের মধ্যে চার জনের শরীরে ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। বাকি ৪৮ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। তাদের অধিকাংশই হৃদরোগ, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও জন্ডিসসহ নানা জটিল রোগে ভুগছিল। যার কারণ হিসেবে শিশুদের পুষ্টিহীনতার অভাবকে দায়ী করছেন চিকিৎসকরা।





