জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নে জনসচেতনতায় মহানগর বিএনপির লিফলেট বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০২৬, ৭:৩৮:৩০ অপরাহ্ন

সিলেট মহানগর বিএনপির উদ্যোগে ‘জুলাই সনদ ও গণভোট’ সম্পর্কে সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টি করতে লিফলেট বিতরণ করা হয়েছে| মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে লিফলেট বিতরণ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়| পরে নেতাকর্মীরা পার্শ্ববর্তী বিভিন্ন মার্কেট ও জনসমাগমস্থলে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন|
সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী| সঞ্চালনা করেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরী| সভাপতির বক্তব্যে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নের বিষয়টি বিএনপির রাজনৈতিক অঙ্গীকার ও ইশতেহারের অংশ| জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করতেই বিএনপি এই কর্মসূচি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ| তিনি আরো বলেন, বিএনপি যখন বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে কাজ করছে, তখন একটি গোষ্ঠী অপপ্রচারে লিপ্ত| কোন ষড়যন্ত্রই সরকারের অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করতে পারবে না|
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরী বলেন, বিএনপি জনগণের দল এবং জনগণের মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক প্রক্রিয়া ও সাংবিধানিক সংস্কার বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ| জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ| জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়াতে একটি দেশবিরোধী গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে| এসব অপপ্রচারের জবাব দিতেই জনগণের মাঝে লিফলেট বিতরণ ও সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে|
লিফলেট বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহসভাপতি ডা. নাজমুল ইসলাম, জিয়াউল হক জিয়া, আব্দুল হাকিম, রহিম মল্লিক ও নুরুল মুমিন খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম আলো ও আক্তার রশিদ চৌধুরী প্রমুখ| বিজ্ঞপ্তি





