চামড়া সংগ্রহ ও ব্যবস্থাপনা নিয়ে জেলা প্রশাসন ও বিসিকের যৌথসভা
প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০২৬, ৯:২২:২৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : আসন্ন ঈদুল আযহায় কোরবানীর পশুর চামড়া সংগ্রহ নিয়ে সংকট কাটছেইনা। সরকারের পক্ষ থেকে বার বার আশ^স্ত করা সত্ত্বেও আস্থা রাখতে পারছেন না কওমী মাদ্রাসা কর্তৃপক্ষ ও চামড়া ব্যবসায়ীরা। আস্থা ফেরাতে আবারও উদ্যোগ নিয়েছে সিলেটের প্রশাসন।
সিলেটে কোরবানীর পশুর চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও এর সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণের লক্ষ্যে জেলা প্রশাসন এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর যৌথ উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। সভার শুরুতে তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং চামড়া শিল্পের টেকসই সদ্ব্যবহার নিশ্চিত করতে সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় সিলেটের চামড়া খাতের সামগ্রিক শৃঙ্খলার কথা মাথায় রেখে সংশ্লিষ্ট সকলের সাথে সমন্বয় করার সিদ্ধান্ত হয়। সভায় বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
এছাড়া সভায় সিলেটের জেলা প্রশাসন, সিসিক, বিসিক, আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী ও ইসলামিক ফাউন্ডেশনের উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধি, স্থানীয় চামড়া ব্যবসায়ী ও আড়তদারগণ উপস্থিত ছিলেন।
সভায় চামড়া সংগ্রহ ও সংরক্ষণে প্রয়োজনীয় করণীয়, বিক্রয়লব্ধ অর্থ যথাসময়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিকট পরিশোধ এবং সংশ্লিষ্ট সকলপক্ষের সমন্বিত কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত বিভিন্ন সেক্টরের প্রতিনিধিবৃন্দ তাদের সংকট ও সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন। উপস্থিত প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সকল সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের ব্যাপারে আশ^স্ত করেন।





