সিলেটে গুড়ি গুড়ি বৃষ্টি, ঈদের দিনও ঝরবে
প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০২৬, ১১:৩৬:৪৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। মঙ্গলবার (২৬ মে) বিকেল ৩টা পর্যন্ত পূর্ববর্তী ৩০ ঘণ্টায় বৃষ্টি ঝরেছে ১১৪ মিলিমিটার। বৃষ্টির এ ধারা বুধবারও (২৭ মে) অব্যাহত রয়েছে। ভোর থেকে গুড়ি গুড়ি বৃষ্টি ঝরছে নগরজুড়ে।
পবিত্র ঈদুল আজহা আগামীকাল বৃহস্পতিবার (২৮ মে) উদযাপিত হবে সারা দেশে। ঈদের আনন্দ পরিবার আর আত্মীয় স্বজনদের সঙ্গে ভাগাভাগি করে নিতে নগর ছাড়ছেন অনেকে। তবে বুধবার সকাল থেকে মুষলধারে বৃষ্টি শুরু হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষজন।
সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, ঈদের দিন বৃহস্পতিবারও বৃষ্টিপাত হবে। আগামী ৩০ মে পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত সিলেটে ১১৪ মিলিমিটার বৃষ্টি ঝরেছে। বিভাগের অপর তিন জেলা হবিগঞ্জে ৮২ মিলিমিটার, মৌলভীবাজারে ৪৮ মিলিমিটার ও সুনামগঞ্জে ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ অঞ্চলের টানা বৃষ্টি এবং ভারতের মেঘালয় রাজ্যের বৃষ্টিতে সিলেটের নদনদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা দেখা দিয়েছে।
তবে বন্যা হলেও এটি দীর্ঘস্থায়ী হবে না বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। ব্যস্ত নগরজীবনে মানুষের কোলাহল নেই। সড়কে যানবাহনও কম।




